শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরার আতঙ্ক -নিরাপদে উদ্ধার

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার।।
চা পাতা তুলতে গিয়ে হঠাৎ বিষধর খৈয়া গোখরার মুখোমুখি হলেন শ্রমিকরা। সাপটি দেখতে পেয়ে আতঙ্কে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান তারা। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানে এ ঘটনা ঘটে। চা বাগানের শ্রমিকরা জানান, সকালে নিয়মিতভাবে চা পাতা সংগ্রহের সময় হঠাৎ তাদের চোখে পড়ে সাপটি। বিষধর সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কাজ বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
পরে বিষয়টি বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি শ্রীমঙ্গল- বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটি শনাক্ত করে জানান, এটি খৈয়া গোখরা বা Spectacled Cobra (Naja naja), যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।
পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপটিকে পরবর্তীতে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, চা বাগানের মতো প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন প্রজাতির সাপের বিচরণ স্বাভাবিক। তাই সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!