স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহে ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর জালালের মোড় নটরডেম কলেজের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এএসআই (নি.) মো. কাদিরুল ইসলাম জানতে পারেন, জালালের মোড় এলাকায় এক ব্যক্তিকে অ/পহরণ করে এনে মু/ক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. আব্দুস সামাদ (৩১)। তিনি ময়মনসিংহের কোতোয়ালী থানার পনঘাগড়া এলাকার আব্দুর রেজ্জাকের ছেলে।
পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্যে আব্দুস সামাদ জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ময়মনসিংহের চুরখাই এলাকায় গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে জালালের মোড় এলাকায় এনে মাদকের মি/থ্যা মামলায় গ্রেপ্তার ও আদালতে চালান দেওয়ার ভ/য় দেখিয়ে মু/ক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিনাজপুরের খানসামা থানার ছিট আলোকদি এলাকার মো. শামীম ইসলাম সবুজ (৩৫), ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকার আল-আমীন (২০) ও পিয়াস মিয়া (২২), শেরপুরের নকলা থানার চর ভাবনা এলাকার ফারুক আহম্মেদ (৩৫) এবং ময়মনসিংহ নগরীর বাগমারা এলাকার দিদারুল ইসলাম (৫৮)।
অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভু/য়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।