ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ইসলামী গণতান্ত্রিক পার্টির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) সকালে ঢাকার রামপুরাস্থ
দলের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক এমপি লায়ন এম. এ. আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান।
সভায় বক্তব্য রাখেন ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, মোঃ মামুন পারভেজ, নাজমা ইসলাম, শারমীন আফাজ, আফরিনা
পারভীন, ফেরদৌসী আলম ও শীলা হালদার প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে দলের চেয়ারম্যান, সাবেক এমপি, লায়ন এম. এ. আউয়াল বলেন, দেশ আজ এক সংকটজনক অবস্থার মোকাবিলা করছে। শত ষড়যন্ত্র রুখে দিয়ে বিগত নির্বাচনে জনগণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি দলকে বিজয়ী করেছে। এখনো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে নানামুখী ষড়যন্ত্র চলছে সে বিষয়ে সচেতন থেকে আমাদের এগিয়ে যেতে হবে।
এছাড়াও তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারের নিকট দাবী জানান।
প্রধান আলোচক দলের মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পাক হানাদার বাহিনী ও তাদের এদেশের সহযোগীদের পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির নানামুখী অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার জন্য নির্বাচিত সরকার ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান। এবং তার বক্তব্যে স্বাধীনতার স্বপক্ষের সকল ইসলামী শক্তির ঐক্যের প্রতি গূরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মহানবী (সাঃ) এর জীবনীর উপর আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আহসান উল্লাহ সালামী।
অনুষ্ঠান পরিচালনা করেন দলের দপ্তর সম্পাদক নাজমুল হোসেন বাপ্পী।
####