ভালুকায় রাতের আঁধারে রান্দিয়া হাই স্কুল মাঠসংলগ্ন সড়কের কার্পেটিং তুলে নেয়ার অভিযোগ

শেয়ার করুন :

ভালুকা প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার রান্দিয়া হাই স্কুল মাঠের পাশ দিয়ে যাওয়া সড়কের পুরাতন কার্পেটিং রাতের আঁধারে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ বছর আগে ধলিয়া শান্তিগঞ্জ সড়কের কার্পেটিং হয়। আর এই রাস্তাটি স্কুল মাঠদিয়ে নেয়া হয়েছিল এবং প্রায় ২০০ ফুট রাস্তা স্কুল মাঠ দিয়ে যায়। কোনো ধরনের পূর্বঘোষণা, এমনকি সরকারী বা স্কুল কমিটির সিদ্ধান্ত ছাড়াই রাতের বেলায় সড়কের প্রায় ২০০ ফুট কার্পেটিং তুলে নেয়া হয়। এতে বর্তমানে স্কুল মাঠের ওই অংশটি খানাখন্দে পরিণত হয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের যাতায়াতে ভোগান্তি বাড়ছে।

এলাকাবাসীর দাবি, যদি উন্নয়ন বা সংস্কার কাজের অংশ হিসেবে কার্পেটিং অপসারণ করা হয়ে থাকে, তবে তা দিনের বেলায় জনসম্মুখে করা উচিত ছিল। রাতের আঁধারে কাজ করায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, সাবেক ইউপি সদস্য শামিম রাস্তাটি তুলে নেয়ার বিষয়ে আমাকে অবহিত করা হলে, আমি তাকে বলছিলাম, স্কুলে এসে সবার সাথে কথা বলে কাজটি করার জন্য। কিন্তু পরদিন স্কুলে গিয়ে দেখি ভেকু দিয়ে স্কুল অংশের রাস্তাটি তুলে নেয়া হয়েছে।

এ ব্যাপারে শামিম মেম্বারের মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে, ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

ধীতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার জানান, জনসাধারণের চলাচলের জন্য স্কুলের পিছনদিয়ে বাইপাস সড়ক করে দেয়া হয়েছে। তাছাড়া, স্কুল মাঠ দিয়ে যাওয়া কার্পেটিং সড়কটি শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলে সমস্যা হতো।

উপজেলা প্রকৌশলী মো: শামছুল হক রাকিব জানান, সরকারী রাস্তা ভেকু দিয়ে তুলে নেয়ার একতিয়ার কারো নেই। খোঁজ নিয়ে দেখছি, ঘটনার সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!