ভালুকার রূপকার আফতাব উদ্দীন চৌধুরী চাঁন মিয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী আজ।

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

আজ ২৪ জুলাই, ভালুকার কৃতী সন্তান, জননেতা ও শিক্ষানুরাগী মরহুম আফতাব উদ্দীন চৌধুরী চাঁন মিয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে তাঁর পরিবার, শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক মহল গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর অবদান স্মরণ করছেন।

মরহুম আফতাব উদ্দীন চৌধুরী চাঁন মিয়া পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য (এমএনএ) এবং বাংলাদেশের সাবেক সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ভালুকার উন্নয়নের অন্যতম অগ্রদূত হিসেবে সমাদৃত। ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক নির্মাণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাঁকে অনেকেই “ভালুকার রূপকার” হিসেবে অভিহিত করেন।

তিনি ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা এবং গফরগাঁও সরকারি কলেজের প্রধান দাতা ও প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া ভালুকা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যা আজও শিক্ষা ও ধর্মীয় চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক আফতাব উদ্দীন চৌধুরী চাঁন মিয়া ছিলেন জমিদার খান সাহেব আবেদ উল্যাহ চৌধুরী ও বড় কর্ত্রী হালিমুন্নেছা চৌধুরাণীর জ্যেষ্ঠ পুত্র। আজও তাঁর সততা, নেতৃত্ব, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং শিক্ষা বিস্তারে অবদান ভালুকাবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

৪১তম মৃত্যুবার্ষিকীতে মরহুম আফতাব উদ্দীন চৌধুরী চাঁন মিয়ার রুহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীরা সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!