জাহাঙ্গীর আলম,হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
সমাজসেবা অধিদপ্তররের আওতাধীন হোসেনপুর উপজেলার অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে গত মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত ওই চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম । এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। এই হুইল চেয়ারগুলো শুধু একটি যন্ত্র নয়, এটি তাদের চলাচলের স্বাধীনতার বাহক।
তিনি আরও বলেন, সমাজের সবাইকে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসহায় ও চলাচলে অক্ষমদের এই সহায়তা দেওয়া হয়।উপকারভোগী এক বৃদ্ধ বলেন, অনেকদিন ধরে ঘর থেকে বের হতে পারি না। আজ হুইল চেয়ার পেয়ে মনে হচ্ছে নতুন জীবন পেলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, পৌর বিএনপি র সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মোঃ মানসুরুল হক রবিন প্রমূখসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।।