জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে একটি বিষধর সাপের সন্ধান পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।
শুক্রবার (১৯ জুন) এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন কমপ্লেক্সের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ একটি সাপ দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে শ্রমিকরা বিষয়টি পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কালাম মিয়াকে অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে সংগঠনটির পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটি শনাক্ত করে জানান, এটি ‘শঙ্খিনী’(Banded Krait) প্রজাতির একটি অত্যন্ত বিষধর সাপ, যা মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
সাপটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। এ সময় উপস্থিত সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য সতর্ক করা হয়।
পরবর্তীতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ব্যবস্থাপনার মাধ্যমে এ ধরনের পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব।