ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থী হিসেবে নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে রাজনৈতিক আলোচনা ও গণসংযোগ শুরু হয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, নুরুল ইসলাম ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ওই ইউনিয়নে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তারা।
এদিকে সম্ভাব্য প্রার্থী নুরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে ডাকাতিয়া ইউনিয়নের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকার জনগণের সেবা করেছি। “জনগণের সেবা এবং ভালুকার উন্নয়নকে সামনে রেখেই আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠছেন। এতে করে নির্বাচনী আমেজ ধীরে ধীরে বাড়ছে।