আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা গ্রামে দুই ব্যক্তির খামার থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র এ চুরির ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা হলেন, উপজেলার উথুরা গ্রামের শাহ মো: আজহারুল ইসলাম মিন্টু ও শাহ মো: রিফাত। তারা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গরুগুলো গোয়ালঘরে বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। পরে শুক্রবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন, তালা ভাঙা এবং গরুগুলো নেই।
শাহ মো: আজহারুল ইসলাম মিন্টু জানান, তার কালো ও সাদা রংয়ের অস্ট্রেলিয়ান গাভী ১ মাস বয়সি বাছুরটা রেখে নিয়ে গেছে। তাছাড়া একই রাতে তার চাচাতো ভাই শাহ মো: রিফাতের বাছুরসহ কালো রংয়ের একটি অস্ট্রেলিয়ান গাভী, একটি বড় ষাড় ও একটি অন্তস্বত্তা গাভী নিয়ে যায়। চুরি হওয়া ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় পরিবারগুলোতে হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, এলাকায় এর আগেও গরু চুরির ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক সময়ে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।