ভালুকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিতা-পুত্রকে বিএনপি থেকে বহিষ্কার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য খোকা মিয়া ও তার ছেলে যুবদলকর্মী তোফায়েল আহম্মেদ রানাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও যুবদলকর্মী তোফায়েল আহমেদ রানার বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে আরও জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ জানান, এবিষয়ে তিনি এখনো অবগত নয়। জেনে বিস্তারিত জানাতে পারবেন।

উল্লেখ্য, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কারণে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। তার প্রেক্ষিতে গত রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় খোকা মিয়াকে লক্ষ্য করে তার ছেলে রানা গুলি ছোড়েন। এ ঘটনায় রানার বাবা খোকা মিয়া (৫০) আহত হন। এসময় খোকা মিয়ার সঙ্গী স্থানীয় ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) নামে আরও একজন আহত হন। এছাড়াও রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) নামের আরও একজনও আহত হয় বলে জানা যায়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!