মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৭ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর জেলার ওসমান গণি (৩৮) এবং আনোয়ার হোসেন (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ৩ টায় ময়মনসিংহ কোতোয়ালি থানার শিকারীকান্দা এলাকায় ঢাকা- ময়মনসিংহ সড়কে ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর চেক পোস্ট স্থাপন করে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ওসমান গণি ও আনোয়ার হোসেন কে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, মাদককারবারিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে ও দেখানো মতে প্রাইভেটকারে বিশেষ কায়দায় রক্ষিত ১১৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বহনে ব্যবহৃত প্রাইভেটকারে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮ হাজার ৮ শত টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ধৃত মাদককারবারিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় আলামতসহ মাদককারবারিদের হস্তান্তর করা হয়েছে।