মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ৩ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় পিতা সোহাগ মিয়া (৩০) এবং সৎ মা জাকিয়া আক্তার (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গফরগাঁও থানার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে গত বুধবার ( ১ এপ্রিল) সন্ধ্যায় ত্রিশাল উপজেলার রায়ের গ্রাম এলাকার রাস্তার পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিহত শিশুর মা লামিয়া তার পিতার বাড়িতে বসবাস করছিলেন।
ঘটনার দিন দুপুর আনুমানিক ১টায় নিহতের পিতা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায় এবং একই দিন সন্ধ্যায় তাকে পুনরায় নানার বাড়িতে রেখে যাওয়ার কথা ছিল।
একই দিন সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার পরপরই ত্রিশাল থানা পুলিশের একাধিক টিম আসামি গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে গফরগাঁও থানার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে নিহতের পিতা সোহাগ মিয়া এবং জাকিয়া আক্তার কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করে যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে নিজে তার সন্তানকে গলা টিপে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে চলে গেছে।
গ্রেফতারকৃত আসামিকে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি জাকিয়া আক্তারকেও আইনি প্রক্রিয়ায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নিহত শিশুর মা লামিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় সোহাগ মিয়া ও জাকিয়া আক্তারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ সংক্রান্ত অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।