মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মাখল নিগুয়ারি নামক এলাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৫ লাখ টাকা জরিমানা আদায় করে ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়।
বুধবার (১ এপ্রিল) ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির এর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইনের ধারা ৫(১) ও ৫(২) লঙ্ঘনের অপরাধে মেসার্স ভাই আর বোন ব্রিকস নামক ইটভাটার আংশিক ভেঙ্গে দেওয়া হয় এবং ৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
একইসাথে ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নাজিয়া উদ্দিন উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ ও গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর জানা, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।