ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করলেন সেনাপ্রধান

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি এই কমপ্লেক্স উদ্বোধন করেন।
১৭৩ একর জমির মধ্যে আগামী দিনে এই অলিম্পিক কমপ্লেক্স আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তরিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, আমরা অনেকদিন ধরে অলিম্পিক কমপ্লেক্সের স্বপ্ন দেখছি। বিভিন্ন স্থানে আমরা জায়গা দেখেছি, কিন্তু বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা যায়নি। তারপর আমি ত্রিশালের স্পোর্টস স্কুল এলাকায় আলিম্পিক ভিলেজ করার সিদ্ধান্ত নিই। এখানে সব ধরনের সুবিধা সহজেই পাওয়া যাবে। এতে আমরা জাতীয় পর্যায়ে ক্রীড়ায় ভালো অবদান রাখতে পারবো। পাশাপাশি এখানে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা করবো। এতে সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে একটা যৌথ প্রচেষ্টা থাকবে। এখানে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সব প্রতিযোগিতা অগ্রাধিকার পাবে। দেশী ক্রীড়াবিদরাও এখানে নিয়মিত প্রশিক্ষণ নিতে পারবেন।
তিনি আরো বলেন, অলিম্পিক কমপ্লেক্সে জাতীয় পর্যায়ের একটি বড় কাজ। আমাদের যারা তরুণ প্রজন্ম আছে, যুবক-যুবতি যারা আছে। তাদের বেশি বেশি করে আমরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে চাইছি। এতে চরিত্র গঠনের একটি বিশাল কাজ হবে, বলে আমি বিশ্বাস করি। আমি জীবনে কোনো ক্রীড়াবিদকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি, এটাই খেলাধুলার মাহাত্ম্য। কোনো ক্রীড়াবিদ কখনো নেশা করে না। এজন্য আমি মনে করি দেশের তরুণ প্রজন্মের চরিত্র গঠনের জন্য খেলাধুলা অতিব গুরুত্বপূর্ণ। এতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে তরুণ প্রজন্মেরও খেলাধুলায় আগ্রহের কোনো কমতি থাকবে না। সমস্যা হলো, আমাদের সুযোগ-সুবিধা নেই, পরিবেশ নেই। কিন্তু এই অলিম্পিক কমপ্লেক্স তৈরি হলে এখানে খেলাধুলার সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হবে। এতে থাকবে আবাসিক এবং প্রশিক্ষণের সুযোগ। পাশাপাশি এই অলিম্পিক কমপ্লেক্সের সঙ্গে যদি একটি শাটল ট্রেনের ব্যবস্থা করা যায়, তাহলে যাতায়ত সুবিধা আরও বেড়ে যাবে। আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ, কাজ শুরু হয়ে গেছে, এক সময় এটার কাজ শেষ হবে। তখন এটা হবে দেশ এবং জাতীর জন্য একটি বড় কাজ। এক দিন এই অলিম্পিক কমপ্লেক্স আর্ন্তজাতিক ভেন্যুতে রূপান্তরিত হবে। এশিয়ান গেইসের মতো বড় বড় খেলা এখানে অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *