রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২য় দিনের মতো গফরগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা।
এসময় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কেন্দ্রীয় পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম তানিয়া, জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী পরিষদের সদস্য সাইফুল ইসলাম, উপজেলা মাঠ কর্মচারী সমিতির সভাপতি সোহেল রানা, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি দোলোয়ার বেগমসহ আরো অনেকে।
বক্তারা বলেন, তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চাবিকাঠি হিসেবে বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, গর্ভকালীন নিরাপদ প্রসব সেবা, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদানসহ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ঘরে ঘরে সেবা দিয়ে আসছেন। এতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো তাদের স্থায়ী কোনো নিয়োগবিধি নেই, যা অত্যন্ত হতাশাজনক। তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি কর্মচারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। নিয়োগবিধি না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত রাখবে বলে জানান তারা। এছাড়াও এটি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে গফরগাঁও উপজেলার পরিবার পরিকল্পনা কর্মীদের মধ্যে গত দুইদিনে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
######