গফরগাঁওয়ে স্কুল শিক্ষার্থীদের মিল্ক ফিডিং কর্মসূচি পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে দুধ পান করানো হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) গফরগাঁও উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলার ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭৪ জন ও দক্ষিণ চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থীদের দুধ পান করানো হয়।
দুপুরে এ উপলক্ষে ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ সুধীজন প্রমূখ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ মতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের দুধ পান করার অভ্যাস গড়ে তুলতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।
এতে শিশুদের বৃদ্ধি, মেধা, মনন, শারীরিক সক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। খেলাধুলা ও পড়াশোনায় তারা আরও মনোযোগী হবে। ভবিষ্যৎ প্রজন্ম হবে সুস্থ, সবল ও মেধাবী। আন্তর্জাতিক অঙ্গনেও তারা দেশের জন্য অবদান রাখতে পারবে। এজন্য আমরা মিল্ক ফিডিং কর্মসূচি নিয়ে স্কুলে স্কুলে যাচ্ছি এবং শিশুদের দুধ পান করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!