বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে এবং ময়মনসিংহ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের তত্ত্বাবধানে অত্র জেলায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তি কার্যক্রম-২০২৫ এর আওতায় বাকৃবির ঈশাঁখা হল সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আব্দুর রউফ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা ও গবেষণার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগে ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন- এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের সুযোগ তৈরি হবে, অন্যদিকে মৎস্য অধিদপ্তরের বাস্তব অভিজ্ঞতা গবেষণায় নতুন দিকনির্দেশনা দেবে।
বাকৃবি মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. নিপেন্দ্রনাথ বিশ্বাস, প্রফেসর ড. আলী রেজা ফারুক, প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো: হারুন-অর- রশীদ, প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান মামুন, ময়মনসিংহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।
উল্লেখ্য, সারা জেলায় মোট ৯০০ কেজি মাছের পোনার মধ্যে বাকৃবিতেই ৩৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।