তারাকান্দা উপজেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় শতবর্ষী এক বৃদ্ধকে জোরপূর্বক মাথা ন্যাড়া করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা বৃদ্ধের বাড়ী ময়মনসিংহ জেলার তারকান্দায়।
অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম হালিম উদ্দিন আকন্দ (১০০)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া আকন্দবাড়ি গ্রামের মৃত বাছির উদ্দিন আকন্দের ছেলে। ঘটনাটি ঘটেছে কাশিগঞ্জ বাজার এলাকায়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে “Meher Afroz Shaon” নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশিত হলে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক দুই হাত ধরে বসিয়ে রেখে এক বৃদ্ধের মাথার চুল মেশিন দিয়ে কেটে দিচ্ছে। এ সময় বৃদ্ধ কান্নায় ভেঙে পড়েন এবং আর্তনাদ করে বলেন—“আল্লাহ তুমি দেখছো, তোমার কাছে বিচার দিলাম।”
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার বিট অফিসার এসআই (নিঃ) মো. আলাল উদ্দিন বলেন-গত ঈদুল আজহার সময় সকালে কাশিগঞ্জ বাজারে অজ্ঞাত তিনজন লোক বৃদ্ধকে ধরে বসিয়ে মাথার চুল মেশিন দিয়ে কেটে দেয়। পরে তাকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দেওয়া হয়। ওই তিনজনের মধ্যে দুজন সাদা পাঞ্জাবি-পায়জামা ও পাগড়ি পরিহিত ছিলেন এবং একজন কালো পাঞ্জাবি পরেছিলেন। তবে স্থানীয় কেউ তাদের চিনতে পারেনি।
তিনি আরও জানান,“ভুক্তভোগী হালিম উদ্দিন বর্তমানে নিজ বাড়িতে পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে বসবাস করছেন। এ ঘটনায় তিনি বা তার পরিবার কোনো লিখিত কিংবা মৌখিক অভিযোগ করেননি।”
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,”ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখেছি। ভুক্তভোগীকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে। যেহেতু অভিযোগ পাওয়া যায়নি, তাই আইনানুগ ব্যবস্থা আপাতত গ্রহণ করা হয়নি। তবে ঘটনার পেছনে কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা হলেও অভিযোগ না থাকায় পুলিশ বর্তমানে পর্যবেক্ষণ অবস্থায় রয়েছে।