স্টাফ রিপোর্টার।।

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। যে কোনো মূল্যে নির্বাচন ফেব্রুয়ারীর প্রথমার্ধে হতে হবে। কিন্তু নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। নির্বাচন বানচালের সিদ্ধান্ত হবে জাতির জন্য বিপজ্জনক। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে একটা ভয়ংকর অনিশ্চয়তা এবং সংকটের দিকে নিয়ে যেতে চাইছে। মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, যদি শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো ভয়ংকর রূপ ধারণ করবে। একটা আইন শূন্য রাষ্ট্রের দিকে বাংলাদেশ দ্রুত ধাবিত হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কারো নিয়ন্ত্রণ থাকবে না। এমন পরিস্থিতিতে মানুষের জীবন বাচানোই দায় হয়ে যাবে।বাংলাদেশ হয়ে উঠবে এক আতঙ্কপুরী।
এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, জুলাই গণআন্দোলন এর অন্যতম লক্ষ্য ছিল বৈষম্য মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ। আর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের প্রথম ধাপ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের নির্বাচিত প্রতিনিধি দের কাছে ক্ষমতা হস্তান্তর। ঘোষিত সময়ে যদি নির্বাচন না হয় তাহলে জুলাই গণ-অভ্যুত্থানের আকাংখা ব্যাহত হবে। এরই মধ্যে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, নির্বাচন বন্ধ হলে জুলাই গণ-অভ্যুত্থানের আকাংখাই নষ্ট হবে না, বাংলাদেশের মানুষের যে মুক্তির পথ সেটা বন্ধ হয়ে যাবে। এ কারণেই বাংলাদেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন ছাড়া অন্য কিছু ভাবলে সেটা হবে আত্মঘাতী এবং সর্বনাশা।
ইসলামী গণতান্ত্রিক পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত রোববার বিকেলে
দলের নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত সস্তাপুরে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী গণতান্ত্রিক পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ গঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আনিসুর রহমান শেখ, তোফায়েল আহমেদ ও মুরাদ হাসান।
সভা শেষে দোয়া পরিচালনা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মোঃ হুমায়ুন কবির।
###