আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মাটিসহ ডাম্পট্রাক জব্দ করেছে স্থানীয় বনবিভাগ। তবে চালক পালিয়ে গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার বাঁশিল গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে ভালুকা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইব্রাহীম সাজ্জাত জানতে পারেন, বনবিভাগের জমিতে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। পরে তার নেতৃত্বে বন বিভাগের লোকজন উপজেলার বাঁশিল মৌজার ১৩৭ নম্বর দাগে বনবিভাগের জমি থেকে মাটি কাটা অবস্থায় মাটিভর্তি একটি ডাম্পট্রাক জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক পালিয়ে যায়। এমনকি ডাম্পট্রাকের মালিক ওই এলাকার রুহুল আমিন ক্বারির ছেলে আলমগীরকেও আটক করা সম্ভব হয়নি।
উপজেলার হাজির বাজার ক্যাম্প ইনচার্জ মো: আব্দুর রহমান জানান, গভীর রাতে মাটিভর্তি ডাম্পট্রাকটি জব্দ করা গেলেও ভেকু জব্দ করা সম্ভব হয়নি। পরে তাদের স্টাফ দিয়ে ট্রাকটি রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।
ভালুকা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইব্রাহীম সাজ্জাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে স্টাফদের নিয়ে ঘটনাস্থল থেকে ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পিওআর মামলার প্রস্তুতি চলছে বলে ওই কর্মকর্তা বলেন।