ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত প্রাইভেট কারচালক হিমেল আহম্মেদের মা হেনা আক্তার বাদী হয়ে বুধবার বিকেলে এ মামলা করেন। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় আসামি হিসেবে আজহার সিএনজি পাম্পের মালিক আজহারুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪ থেকে ৫ জনকে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান মামলার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। থানায় হত্যা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।