ভালুকায় আইসক্রিম কারখানায় রান্নার সময় পাঁচকের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রান্নার কাজ করার সময় লিটন মিয়া (৪৬) নামে আইসক্রিম কারখানার এক পাঁচকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অবস্থিত লাভেলো আইসক্রিম কারখানায়। অতিরিক্ত গরমের কারণে হিটস্টোকে তিনি মারা যেতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে রান্নার কাজ করার সময় উপজেলার মেহেরাবাড়ি লাভেলো আইসক্রিম কারখানার পাঁচক হালুয়াঘাট উপজেলার উপজেলার ঘাবড়াখালী গ্রামের শাহ মোহাম্মদের ছেলে লিটন মাটিতে ঢলে পড়েন। খোঁজ পেয়ে কারখানার অন্যান্য শ্রমিকরা লিটনকে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লাভেলো কারখানার সহকারী ম্যানেজার সাইদুর রহমান জানান, নিহত লিটন পাঁচ বছর ধরে তার কারখানায় পাঁচকের কাজ করে আসছেন। দুপুরে রান্নার কাজ করার সময় সে অসুস্থ হয়ে মেঝেতে পড়ে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়। পথে সে মারা যায়। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে সে হয়তো মারা যেতে পারে।
ভালুকা হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জানান, বৃহস্পতিবার দুপুরে মৃত অবস্থায় কারখানার ওই শ্রমিককে আনা হয়েছিলো।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, বাদি না হওয়ায় ময়না তদন্ত ছাড়াই লাশটি নিহত ব্যক্তির মেয়ে সাথি আক্তারসহ তার পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *