গফরগাঁওয়ে নিখোঁজের দুইদিন পর বিল থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিখোঁজের দুইদিন পর বিল থেকে এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের একটি বিলে কাদাজল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত মিলন রানী দে (৬৫) রৌহা এলাকায় একমাত্র মেয়ের সঙ্গে থাকতেন। তিনি ‘ মানসিক ভারসাম্যহীন ‘ ছিলেন বলে তার মেয়ে পুলিশকে জানিয়েছেন।
তিনি গফরগাঁও উপজেলার শিলাসী কালিবাড়ি গ্রামের মৃত নারায়ন চন্দ্র দে’র স্ত্রী। তিনি এক মেয়ের মা ছিলেন।
নিহত নারীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মিলন রানী দে মেয়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে গ্রামের লোকজন রৌহা গ্রামের একটি বিলের কাদাজলে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মেয়ে গিয়ে মায়ের মরদেহ শনাক্ত করেছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীনূজ্জামান খান বলেন, নারীর শরীরে কোনো ধরনের জখমের চিহ্ন পাওয়া যায়নি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। এ ঘটনার তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়াধীন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *