আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত অটোরিকশা চাপায় জান্নাত আরা (৭) নামে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৭ জানুয়ারী) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের শিশুকন্যা নারাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী জান্নাত আরা চাচা এমরান মিয়ার সাথে স্কুলে যাচ্ছিলো। এ সময় ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারীচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। স্থানীয়রা ঘাতক অটোরিক্সাটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার একই সড়কে মিনিট্রাক-ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ মিল শ্রমিক দুই সহোদর বোন নিহত ও ৫জন আহত হন। গত রোববার রাতে ট্রাক উল্টে ভালুকায় তিন মাদরাসা ছাত্রসহ চারজন নিহত ও ৩০ জন শিক্ষক-ছাত্র গুরুতর আহত হন। গত সোমবার ভরাডোবা ঘাটাইল সড়কের বগাজান নামক স্থানে ব্যাটারী চালিত অটোরিকশা ও ট্রাকের মাঝে সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হন।