গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার গাজীপুরে আওয়ামী লীগের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা ব্যাপক শোডাউনের আয়োজন করেন। বৃহত্তর শোডাউন ছাড়াও প্রতিটি ওয়ার্ডে আলাদা করে শোডাউনের আয়োজন করা হয়। প্রার্থীদের সমর্থক নেতা-কর্মীরা কার চেয়ে কে বেশি লোক সমাবেশ ঘটাতে পারেন বৃহস্পতিবার তাদের মধ্যে সেই প্রতিযোগিতা লক্ষ করা গেছে।
গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর আদমজি মাঠে এবং তার স্ত্রী খাদিজা রাসেল টঙ্গীর সাতাইশ মাঠে পৃথক দু’টি শোডাউনে নেতৃত্ব দেন। তবে প্রতিমন্ত্রীর চেয়ে তার স্ত্রীর শোডাউনে লোক সমাবেশ ঘটানো হয় বেশি। টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামানের দুই ছেলে মাহমুদুল হাসান জনি ও হাসিবুল হাসান রনির নেতৃত্বে সাতাইশ এলাকার ওই শোডাউনে সর্বোচ্চ সংখ্যক লোকের সমাবেশ ঘটানো হয়। আদমজি মাঠের সমাবেশ শেষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী গণমিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং সাতাইশ মাঠের সমাবেশ তার স্ত্রী খাদিজা রাসেলের নেতৃত্বে সাতাইশ রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
অপরদিকে ট্রাক প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও তার প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিকেলে একটি গণমিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এ মিছিলেও হাজার হাজার লোক অংশ নেয়। মহানগরীর সাথে যুক্ত গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থীরাও বৃহস্পতিবার গাজীপুরকে মিছিলের নগরীতে পরিণত করেন। মহানগরীর তিনটি আসনেই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন সাবেক সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রথম থেকেই দলের তিন স্বতন্ত্রপ্রার্থীর প্রচারণায় সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। তার সমর্থিত তিন প্রার্থীরই অভিন্ন প্রতীক ‘ট্রাক’। বৃহস্পতিবার শেষ দিনের প্রচারণায় সর্বোচ্চ শোডাউনের প্রস্তুতি নিতে বুধবার শেষ রাত পর্যন্ত তিনি ব্যস্ত সময় কাটান।
নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে এসব গণ মিছিলের আয়োজন ছাড়াও আওয়ামী লীগ মনোনীত দলীয় ও দলের অনুমোদীত স্বতন্ত্র প্রার্থীরা ওয়ার্ড পর্যায়েও তাদের কর্মী সমর্থকদের দিয়ে বৃহস্পতিবার আলাদা মিছিলের আয়োজন করেন। এসব মিছিলের কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। এসব মিছিলের অগ্রভাগে প্রচারমাইকে নির্বাচনী গান বাজিয়ে আর বাদ্যযন্ত্রের তালে তালে নাচে-গানে নগরীকে মাতিয়ে তুলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
#