প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৬, ২০২৩ সময়ঃ ৫:৩৫ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১৮৩০ কোজি চাল উদ্ধারের ঘটনায় চারজনকে আসামী করে মামলা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে মডেল থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন, আক্তার হোসেন (৫০), এমদাদুল হক (৪৫), সাইদ হোসেন (৩৫) ও মোঃ আলামিন (৪৫)।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও মামলার আরজি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার রাজৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর পাইলাব ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো: সুমন মিয়া তালিকাভূক্ত হতদরিদ্রদের মাঝে দুইদিন ধরে ১৫ টাকা কেজির চাল ট্যাগ অফিসার আফতাব উদ্দিনের অনুপস্থিতিতে বিক্রি করেন। চাল বিক্রির সময় তদারকি কর্মকর্তা উপস্থিত থাকার কথা থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি। এদিকে স্থানীয়রা পাইলাব চৌরাস্তায় অবস্থিত আল আমিনের মুদি দোকান ও পাশের এমদাদের বাড়িতে চাল মওজুদের বিষয়টি জানতে পেরে ঘটনাটি নির্বাহী অফিসারকে জানায়। পরে বিষয়টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে জানানো হলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ রাত ১২ টার সময় ওই কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে যায়। পরে শুক্রবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ বাদি হয়ে ঘটনার মূলহোতা ডিলার সুমনের নাম বাদ দিয়ে পাইলাব গ্রামের আমজাদ হোসেনের ছেলে আক্তার হোসেন, আব্দুল হাইয়ের ছেলে এমদাদুল হক, নূর হোসেনের ছেলে সাইদ হোসেন ও  মোস্তাফি শেখের ছেলে মোঃ আলামিনের নামে মামলা করেন। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ডিলার মো: সুমন মিয়া জানান, ট্যাগ অফিসারকে অবগত করেই চাল বিক্রি করা হয়ছে। তিনি পরে এসে কাগজে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন।
তদারকি কর্মকর্তা পাইলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন বলেন, চাল বিক্রির দিন তিনি অসুস্থ ছিলেন। চাল বিক্রির বিষয়টি ডিলার তাকে জানালে তিনি বলে দিয়েছিলেন বিদ্যালয় থেকে অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন, তিনি উপস্থিত থাকতে পারবেন না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ বলেন, ডিলারের কাগজপত্র সঠিক থাকায় তাকে মামলার আসামি করা হয়নি। তদারক কর্মকর্তার স্বাক্ষর না থাকলেও কাগজ সঠিক কিভাবে পেলেন ? এমন প্রশ্নে তিনি কোনো সদত্তর দিতে পারেন নি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন,  খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিক্রির সময় ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক। মামলায় ডিলারের নাম কেন বাদ দেয়া হয়েছে, তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলতে পারবেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com