প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৫, ২০২৩ সময়ঃ ২:৪৪ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ৬১ বস্তা (১৮৩০ কোজি) চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামে একটি বাড়ি ও দোকান থেকে চালগুলো জব্দ করে থানায় নিয়ে যায় মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার রাজৈ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর পাইলাব ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো: সুমন মিয়া তালিকাভূক্ত হতদরিদ্রদের মাঝে দুইদিন ধরে ১৫ টাকা কেজির চাল বিক্রি করে আসছিলেন। ওই সময় স্থানীয় পাইলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন তদারকি কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। এদিকে স্থানীয়রা পাইলাব চৌরাস্তায় অবস্থিত আল আমিনের মুদি দোকান ও পাশের এমদাদ মিয়ার বাড়িতে চাল মওজুতের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে নির্বাহী কর্মকর্তা থানাকে অবহিত করলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ রাত ১২ টার সময় ওই কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে যায়।
ডিলার মো: সুমন মিয়া জানান, ২০ ও ২৩ আগস্ট দুইদিনে খাদ্যকর্মসূচির দুই মাসের ৯৬২ বস্তা (৩০ কেজির) চাল উত্তোলন করে বিক্রি করে আসছেন। বৃহস্পতিবার পর্যন্ত সমুদয় চাল বিক্রির পর ২১৩০ কেজি স্টকে রয়েছে। বিক্রয়কৃত চাল ক্রেতারা কোথায় নিয়ে কি করেছে তা তার জানা নেই।
তদারকি কর্মকর্তা পাইলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম বাদশা জানান, ডিলার বা অন্য কারো কাছ থেকে কার্ডধারী ছাড়া সরকারী চাল কেনা-বেচা অন্যায়। তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি দাবি করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ জানান, ওই কর্মসূচির আওতাভূক্তরা ১৫ টাকা কেজি দরে বছরে পাঁচ মাস  ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। দুই মাসের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব চালগুলো ১৬ আগস্ট থেকে ২২ আগস্টেও মধ্যে বিক্রি করার কথা ছিলো। কিন্তু অনেকেই যথা সময়ে চালগুলো বিক্রি করতে পারেননি। বৃহস্পতিবার পাইলাব এলাকায় দুইজনের কাছ থেকে ওই কর্মসূচির ৬১ বস্তা (৩০ কেজির) চাল জব্দ করা হয়েছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দের বিষয়টি স্বীকার করে সংবাদমাধ্যমকে জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল মওজুতের বিষয়ে প্রথম ইউএনও’র কাছে সংবাদটি আসে। পরে থানায় জাননো হলে রাতেই অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহম্মেদ জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল মওজুতের বিষয়ে সংবাদ পাওয়ার পর সাথে সাথে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে জানানো হয়। পরে চালগুলো উদ্ধার করে থানা পুলিশ। এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com