রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তরের চলমান উন্নয়ন ও নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও–দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনকালে তিনি উপজেলার সদর দপ্তরের বিভিন্ন চলমান উন্নয়ন ও নির্মাণকাজ ঘুরে দেখেন এবং কাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় সংশ্লিষ্টদের কাছ থেকে চলমান কাজের বর্তমান অবস্থা, অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উপজেলা সদর দপ্তরের উন্নয়ন কার্যক্রম দ্রুত ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
তিনি বলেন, উন্নয়নকাজে গতি আনার পাশাপাশি নির্মাণের মান নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষিণ গফরগাঁওকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা সদর দপ্তরের চলমান উন্নয়ন ও নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে দক্ষিণ গফরগাঁওয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের নাগরিক সেবা প্রাপ্তি সহজতর হবে।
####