জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুরে সূবর্ণা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হোসেনপুর থানা পুলিশ। শুক্রবার(১৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাবার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, গত ৬ মাস আগে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামের রউফ মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়ার সঙ্গে একই এলাকার মোঃ হেলাল মিয়ার মেয়ে সূবর্ণা আক্তারের বিয়ে হয়। গত কয়েকদিন আগে সূবর্ণা আক্তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সূবর্ণার বাবা মোঃ হেলাল মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাঁর মেয়ে সুবর্ণা মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।