ভালুকায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে মডল থানা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার বাসিন্দা। তিনি হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও গ্রামের  আব্দুল হামিদের ছেলে। তিনি কৃষিকাজ করতেন এবং কৃষিজমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ভোর ছয়টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।

নিহতের ভাতিজা আকরাম হোসেন জানান, বাড়ির পাশে তাল কুড়াতে যাওয়ার কথা ছিলো চাচা আব্দুল মালেকের। বুধবার সকালে তাঁর ছেলে সুজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে তাঁর বাবার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক

(এসআই) মো: ইসমাইল হোসেন জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!