ভালুকা সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কলম বিরতি

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহের ভালুকা সাবরেজিস্ট্রি অফিসে সাবরেজিস্ট্রার আনোয়ারুল হাসানের বিরুদ্ধে খামখেয়ালী ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে কলম বিরতি পালন করেছেন দলিল লেখকরা। এ ঘটনায় সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদের মধ্যেও ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

দলিল লেখকদের অভিযোগ, সোমবার (৭ সেপ্টেম্বর) অফিস চলাকালীন অসংখ্য গ্রাহকের লেনদেন সম্পন্ন হওয়ার পরও প্রায় ২০টি দলিল রেজিস্ট্রেশন না করেই সাবরেজিস্ট্রার আনোয়ারুল হাসান অফিস ত্যাগ করেন। এতে দূর-দূরান্ত থেকে দলিল রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং অনেকে সেবা না পেয়েই ফিরে যেতে বাধ্য হন।

এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা অফিসে অসন্তোষ প্রকাশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দলিল লেখকরা প্রতিবাদস্বরূপ কলম বিরতি পালন করেন। তাদের দাবি, সাবরেজিস্ট্রারের এমন আচরণের কারণে শুধু দলিল লেখকরাই নন, সাধারণ সেবাগ্রহীতারাও নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন।

দলিল লেখকরা বলেন, একটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে জনগণকে হয়রানি না করে নিয়ম অনুযায়ী সেবা নিশ্চিত করা প্রয়োজন। অথচ বিভিন্ন সময়ে সাবরেজিস্ট্রারের আচরণ ও সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে। এ অবস্থায় অফিসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

কলম বিরতিতে অংশ নেয়া দলিল লেখক ও সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক সাবরেজিস্ট্রার আনোয়ারুল হাসানের প্রত্যাহারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

তবে দলিল রেজিস্ট্রেশন না করে অফিস ত্যাগ এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সাবরেজিস্ট্রার আনোয়ারুল হাসানের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও রিসিভ না করায় বক্তব দেয়া সম্ভব হয়নি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!