প্রকাশিত হয়েছেঃ মার্চ ৪, ২০২৪ সময়ঃ ৬:৩৫ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ একটি মারামারি মামলায় জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। সোমবার (৪ মার্চ) সকালে জামিন নিতে গেলে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালতের  বিচারক মো: রওশান জাহান তার জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদারকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ অহেতুক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে লাঞ্ছিত করেন। এ নিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। পরে উপজেলার পাড়াগাঁও গ্রামের তাইজুদ্দিন শেখের ছেলে গাঙ্গাটিয়া বিদ্যাধারা স্কুলের সভাপতি ও ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা হুমায়ূন কবির ওই স্ট্যাটাসটি শেয়ার দেন। এনিয়ে সিডষ্টোর বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ২৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজদের নেতৃত্বে একদল লোক হুমায়ূন কবিরের উপর হামলা চালায়। পরে  হুমায়ূন কবির বাদি হয়ে আবুল কালাম আজদকে প্রধান আসামী করে ইমরান, নাজমুল, মানিক ও আবিরের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অভিযোগ দিতে যান। থানায় মামলা না নেয়ায় বাদি জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালতে মামলা (নম্বর-৩৪, তারিখ-১৬/১/২০২০) করেন। পরে আদালত উক্ত অভিযোগটি আমলে নিয়ে ভালুকা মডেল থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। যার জিআর নম্বর ৬০, তারিখ-২৯/১/২০২০, ধারা, ৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ (২)/ ৩৪ দন্ডবিধি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান তদন্ত শেষে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু চুড়ান্ত প্রতিবেদনটি মনমতো না হওয়ায় বাদি আদালতে না রাজির দরখাস্ত করেন। আদালত মামলাটি প্রথমে গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। সেটিও মনমতো না হওয়ায় বাদি পূণরায় আদালতে নারাজি দিলে মামলাটি আদালত পূণরায় সিআইকে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে সিআইডির তদন্তকারী কর্মকর্তা নুরুল আমীন আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলার অপরাপর আসামীগন স্থায়ী জামিনে থাকলেও ১ নম্বর আসামী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জামিন নেননি।  এদিকে গত সোমবার (৪ মার্চ) সকালে ওই মামলায় আবুল কালাম আজাদ আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলী আদালতের  বিচারক মো: রওশান জাহান তার জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার বাদি হুমায়ূন কবির জানান, একটি স্ট্যাটাসের শেয়ার দেয়ার ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার জামিন নিতে গেলে আদালত তার জামিন নামুঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাদি পক্ষের আইনজীবি শাহজাহান সাজু উপজেলা পরিষদ চেয়ারম্যানের জামিন না মুঞ্জুর করে জেল হাজাতে প্রেরণের বিষয়টি স্বীকার করেছেন।
আসামী পক্ষের আইনজীবি একেএম আজিজুল হক খান জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যানের জামিন বাতিল হওয়ায় চীফ জুডিশিয়াল আদালতে জামিনের আবেদন করা হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com