প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২১, ২০২৪ সময়ঃ ৬:৩৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্নের দোকানে চুরির ঘটনায় জড়িত স্বর্নালংকারসহ দুইজন, মাদকসহ একজন ও ধর্ষণ চেষ্টা মামলায় একজনসহ মোট ৪ আসামীকে গ্রেফার করেছে মডেল থানা পুলিশ।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে মডেল থানার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন জানান, ভালুকা উপজেলার বাটাজোর বাজারে হৃদয় সুজয় জুয়েলার্স নামক স্বর্নের দোকানে চুরির ঘটনায় দোকানের মালিক হৃদয় চন্দ্র কর্মকার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা নম্বর ৫ করেন। ওই ঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল, ময়মনসিংহের দিক নির্দেশনায় এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দের তত্ত¡াবধানে এসআই কাজল হোসেন, এসআই মাহবুব অর রশিদ, এএস আই সুজন চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১৯ জানুয়ারি শুক্রবার বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানা এলাকা হতে ঘটনায় জড়িত আসামী আন্তজেলা চোর চক্রের সদস্য ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ দুলাল মিয়াকে (৩২) গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার (২০ জানুয়ারি) কেএমসি (চট্টগ্রাম) বাকুলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার এলাকা থেকে আরেক আসামী কুমিল্লার জেলার হুমনা থানার কলাগাছিয়া এলাকার শিশু মিয়ার ছেলে মোঃ আমির হোসেন ওরফে মোটা আমিরকে (৩৩) গ্রেফতার করে। এ সময় তার বাসা থেকে চোরাই যাওয়া স্বর্নের আংটি ৫টি, কানের দুল ১০টি ও গলার কন্ঠ পিকের ভাঙ্গা অংশসহ মোট তিন ভরি এক রতি এক পয়েন্ট স্বর্ন উদ্ধার করা হয়। কিন্তু ওই দোকান থেকে ঘটনার দিন চোরচক্র দোকানের তালা ভেঙে ২০ ভরি স্বর্ণ ও ১০০ ভরি রোপা চুরি করে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ জানান, শনিবার সন্ধ্যায় আরেক অভিযানে ভালুকা পৌরসভার সেভেনস্টার হোটেলের সামনে থেকে ১২ ব্যারেল বিদেশী মদসহ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কারনই গ্রামের হোসেন আলীর ছেলে হাবিবুর রহমানকে (২০) গ্রেফতার করা হয়। এছাড়াও উপজেলার ভান্ডাব এলাকার মুসলেম উদ্দিনের ছেলে ফরিদকে (১৬) মডেল থানায় করা ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়।

