জাহাঙ্গীর আলম,হোসেনপুর( কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সুরক্ষা এবং সবুজায়নের উদ্দেশ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।যেখানে বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।
এ কর্মসূচি শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়। আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ও কুড়িমারা আলোকিত যুব সংঘের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যসচিব এবং হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ কায়সার শহীদ।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি এবং ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কাড়ার।
কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।